মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৩:০০ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ ও ৩০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, চা-শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে বিষয়টি জাগছড়া চা বাগানের দায়িত্বে থাকা সেলিম মিয়াকে জানানো হয়।
খবর পেয়ে বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বনবিভাগের সদস্যদের যৌথ অভিযানে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি বলে সংশ্লিষ্টরা জানান।
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে চা বাগান থেকে বিশাল অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে এ ঘটনায়।
এ প্রসঙ্গে বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।
জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফশিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে