মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৭:৩৪ পিএম
স্বামীর পিকআপে চড়ে মধ্যরাতে ঘুরতে যাওয়ার আবদার করেন স্ত্রী। আর সেই আবদার পূরণ করতেই পিকআপে স্ত্রীকে নিয়ে বের হন স্বামী। ঘণ্টাখানেক ঘোরাঘুরির পর পিকআপটি বিকল হওয়ায় বিপাকে পড়েন ওই দম্পতি। গরুচোর সন্দেহে স্থানীয়রা ওই দম্পতিকে আটকের পর তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দম্পতি ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।
গ্রেপ্তার হওয়া রায়হানের শেখের দাবি, রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর নিজস্ব পিকআপ নিয়ে দুজন ঘুরতে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। পরে স্ত্রীকে দাড় করিয়ে রেখে তিনি সেখানে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন।
এ সময় ওই এলাকার এক ব্যক্তি তাদের দেখতে পেয়ে গরুচোর সন্দেহ করেন। পরে তিনি আরও কয়েকজনকে ডাকলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ওই তাদের আটকে রাখেন। এ সময় কয়েকজন মিলে তাকে মারধরও করেন।
পরে ভোর বেলা স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গরুচোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।
কিন্তু মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ওই দম্পতি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক হওয়া দম্পতির পক্ষে বা বিপক্ষে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএস