images

দেশজুড়ে

একসঙ্গে ঘুমাতে গেলেন দম্পতি, সকালে মিলল স্ত্রীর মরদেহ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৮:১৪ এএম

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা তাড়াশের বিষমডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন।

সোমবার রাতে তানিয়া ইসলাম ও তার স্বামী মো. শাহ পরান প্রতিদিনের মতো শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের শোবার ঘরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image22

হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু

নিহতের পরিবারের অভিযোগ, তানিয়াকে তার স্বামী মো. শাহ পরান হত্যা করে পালিয়ে গেছেন। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম