images

দেশজুড়ে

দুই বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১০:৩০ এএম

মেহেরপুরের গাংনীতে দুই বসতবাড়ির মূল ফটকের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকা থেকে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওদাপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন এবং একরামুল হকের ছেলে ইমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করেন।

ইমদাদুল হকের ছেলে হোসেন আলী জানান, সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনে বস্তু দুটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। কে বা কারা এবং কী উদ্দেশে রাতের আঁধারে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাদের জানা নেই।

আরও পড়ুন
Web-Image9

দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ১

কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত বস্তু দুটি নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশে এগুলো সেখানে রেখেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/আইএম