images

দেশজুড়ে

‘জ্বিন’ দিয়ে দ্বিগুণের লোভে সোনা হারালেন ১৭ নারী, অতঃপর...

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১২:০২ পিএম

ভোলার দুলারহাটে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে কিছু স্বর্ণালংকার ও নগদ ৫২ হাজার টাকাসহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশ, ভোলার গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুরাবাদের রুমা (৩০), মুক্তা (২৬), মজিবনগরের স্বপন ফরাজী (৫০) এবং আলামিন (২৬)।

জেলা পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়িতে ইয়ানুর বেগমের বসতঘরে এই প্রতারণার ঘটনা ঘটে। প্রতারক চক্রটি স্থানীয় ১৭ জন নারীকে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে প্রলোভন দেয়। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা, প্রতারকদের হাতে তুলে দেন। পরে স্বর্ণ নিয়ে চক্রের সদস্যরা আত্মগোপন করে।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই বিকেলে একই চক্র পুনরায় প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পেরে চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা নিয়ে গেল প্রতারক

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার জানিয়েছে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএইচজে