images

দেশজুড়ে

চট্টগ্রামে ১৫ বছরে নির্মিত ৩০ হাজার ভবনের ৯৯ শতাংশই নকশাবহির্ভূত

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০১:৫৩ পিএম

গত দেড় দশকে চট্টগ্রাম মহানগরীতে প্রায় ৩০ হাজার ভবনের নকশা অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে সংস্থাটির সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে, অনুমোদিত এসব ভবনের প্রায় ৯৯ শতাংশই নির্ধারিত নকশা অনুসরণ করে নির্মাণ করা হয়নি।

সিডিএর তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংস্থাটি মোট ২৯ হাজার ৭০০টি ভবনের নকশা অনুমোদন দেয়। এরই মধ্যে অধিকাংশ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে যে নিয়মকানুন মানার কথা, বাস্তবে তার বড় অংশই উপেক্ষিত হয়েছে।

পর্যবেক্ষণে দেখা গেছে, কোথাও রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করা হয়েছে, কোথাও ছয়তলার অনুমোদন নিয়ে ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া অধিকাংশ ভবনেই বাধ্যতামূলক পার্কিংয়ের স্থান রাখা হয়নি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ভবনের নকশা অনুমোদনের পর অনেকেই বাস্তব নির্মাণকাজে অনুমোদিত নকশা থেকে বিচ্যুত হচ্ছেন। সামনের, পাশের ও পেছনের নির্ধারিত খোলা জায়গা রাখা হচ্ছে না। কোথাও পাহাড় কেটে, কোথাও ড্রেন-নালার ওপর ভারী স্থাপনা নির্মাণের মাধ্যমে নগরীর সৌন্দর্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ক্রমবর্ধমান নগরায়ণ নিয়ন্ত্রণে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং একটি সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

বন্যায় ফটিকছড়ির তিন নদীর ২৩ স্থানে ভাঙন, ঝুঁকিতে হাজারো বসতবাড়ি

অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা তদারকির দায়িত্বও সিডিএর। তবে গত ১৫ বছরে এ তদারকি কার্যকরভাবে পরিচালিত হয়নি। একই সঙ্গে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

নগরবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আইন ভঙ্গ করে যে সুবিধা পাওয়া যায়, তার তুলনায় শাস্তির মাত্রা কম হওয়ায় অনেকেই নিয়ম মানতে আগ্রহী হন না। তিনি বলেন, কোনো অবৈধ ভবন ভাঙতে গেলে সিডিএকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহযোগিতা নিতে হয়। প্রয়োজনীয় সহায়তা না পাওয়াকে অনেক সময় সংস্থাটি অজুহাত হিসেবে ব্যবহার করে। তাঁর মতে, সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালু করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একই প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে পারলে নগর পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকর হবে।

এদিকে, নকশাবহির্ভূত ভবন নির্মাণ ঠেকাতে এবার কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে সিডিএ। সংস্থাটি বলছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ করা হলে গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন সেবার সংযোগ দেওয়া হবে না।

চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, অনুমোদিত নকশা অনুযায়ীই ভবন নির্মাণ করতে হবে। কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ভবনে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে যেভাবে অনিয়ম হয়েছে, তা থেকে বেরিয়ে একটি পরিকল্পিত, সবুজ ও দৃষ্টিনন্দন চট্টগ্রাম গড়ে তোলাই এখন সিডিএর লক্ষ্য।

এদিকে, অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণ প্রতিরোধে মন্ত্রণালয় গঠিত একটি কমিটিও কাজ করছে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

আরটিভি/এমএইচজে