বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:৪৩ এএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই সম্পর্কের পরিণতিতে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০)। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, চীনের হুপেই (লুবেই) প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই সম্মতি দেয়।
ভালোবাসার টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর লিজার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে মোহনগঞ্জে নিয়ে যান। পরে ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে মুসলিম রীতি অনুযায়ী লিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
নবদম্পতিকে ঘিরে শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার। এ উপলক্ষে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের পাশাপাশি আত্মীয়-স্বজনদের মাঝে নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।
কনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিয়ের আগে চীনা দূতাবাস ও বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়-স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক অনুষ্ঠান শেষে বর চীনে ফিরে গিয়ে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবেন। এরপর লিজাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতারণার খবর শুনে কিছুটা উদ্বেগ ছিল। তবে পরিবারের পক্ষ থেকে সব তথ্য যাচাই-বাছাই করে বিয়ের ব্যবস্থা করায় এখন আর কোনো সন্দেহ নেই। তিনি নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
আরটিভি/এসকে