বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১২:২২ পিএম
কিশোরগঞ্জে ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যাকাণ্ডের দুই মাস পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তরা (২৭) নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের মেয়ে ও কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান হত্যা মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তাধীন রয়েছে। কিশোরগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন অন্তরা। পথে আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
দুই মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে নিহত অন্তরার স্বামী জিল্লুর রহমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইয়ের এসআই মো. জাহিদুল হক জানান, কটিয়াদী বাজারের ব্যবসায়ী নিহত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা পিবিআইয়ের কিশোরগঞ্জ কার্যালয়ে আমার সঙ্গে দেখা করতে আসেননি। তবে সড়ক দুর্ঘটনায় তার এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় অন্তরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ি চিহ্নিত করাসহ মরদেহের ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ১৮ মে কটিয়াদী বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নৃশংসভাবে খুন হন জিল্লুর রহমান। পরে মামলাটির তদন্তভার কিশোরগঞ্জ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়, বর্তমানে সেটি তদন্তাধীন রয়েছে।
বিচার পাওয়ার আশায় পরিবারটি যখন দিন গুনছিল, ঠিক তখনই নেমে এলো এই ট্র্যাজেডি।
আরটিভি/আইএম