images

দেশজুড়ে

বেতন তুলতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শিক্ষকের

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৪:৩০ পিএম

সিলেটে বেতনের টাকা তুলতে ব্যাংকে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে নগরের মিরের ময়দান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুরাদ আহমদ (৫৯) নগরের মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পাঠদান শেষে বেতনের চেক নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশে বের হন মুরাদ আহমদ। বিদ্যালয়ের পাশে বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image18

নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় ভ্যান, প্রাণ গেল চালকের

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান  বলেন, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষকের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটির চালককে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

আরটিভি/আইএম