বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৮:০০ পিএম
মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাংনী উপজেলার আজান গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।
রাব্বি হোসেন (১৮) মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তার নানা বাড়ি আজান গ্রামে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার আজান গ্রামের কিশোরদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালে রাব্বি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বির বন্ধু রাজিব হোসেন বলেন, রাব্বি আমাদের বন্ধু। আজান গ্রামের তরুণ-যুবকদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার প্রস্তাব তারই দেওয়া। খেলা চলাকালীন সময়ে হঠাৎ সে অসুস্থ হয়ে মাঠের মাঝে বুকে হাত দিয়ে বসে পড়ে। কেমন এমন হলো, বুঝতে পারছি না।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, রাব্বি নামের একজন ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যেহেতু তার বয়স ১৮, সেহেতু আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, থানা পুলিশের একটি টিম বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম