শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৬:৫৭ পিএম
জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে লুৎফর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা বানু খাতুনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাইমের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি তিনি কিস্তিতে একটি স্মার্টফোন কেনেন। গত ২৯ জুলাই ওই ফোনের কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান তাকে মারধর করেন।
পারিবারিক এই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় লুৎফর রহমান তার ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহটি ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি।
শুক্রবার দুপুরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পারিবারিক কলহ ও কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে বাবাই ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা লুৎফর রহমান পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/টিআর