images

দেশজুড়ে

বেশি নম্বর দেওয়ার প্রলোভনে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অডিও ভাইরাল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১০:০৭ পিএম

রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ অ্যাকাডেমির (বিএম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক। তবে ছাত্রী স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অভিযোগকারী ছাত্রী বলেন, বাবা-মায়ের পর শিক্ষকের স্থান সবচেয়ে সম্মানের। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল কাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের জন্য লিখিত আবেদন করেন। শুক্রবার প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন
ASHULIA

আশুলিয়ায় চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরটিভি/এসকে