images

দেশজুড়ে

মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর 

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৩:৪৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাদরাসা শিক্ষার্থীকে মারধর করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (১ আগস্ট) অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শিশুটির পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

ভুক্তভোগী আঁখি আক্তার (৯) উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্তরা হলেন একই মাদরাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুর ও শিক্ষক সাফায়েত হুজুর। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদরাসার শিক্ষক সাফায়েত হুজুর পড়া না পারার অজুহাতে আঁখিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় বিষয়টি পরিবারের কাউকে জানালে তাকে আরও মারধরের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে।

পরে তীব্র ব্যথায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে সে ঘটনার কথা জানায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক আঁখির মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন
Web-Image14

বাসের ধাক্কায় মারা গেল পেটের সন্তান, আইসিইউতে মা

শিশুটির বাবা মো. আলমগীর খাঁন জানান, মাদরাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরের কাছে এ নিয়ে অভিযোগ করলে তিনি বিষয়টি চেপে যেতে বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শনিবার শ্রীনগর থানায় তিনি লিখিত অভিযোগ দেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/আইএম