images

দেশজুড়ে

পেট্রোল ঢেলে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী পুলিশের জালে

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০১:৪৫ পিএম

দিনাজপুরে এক নারীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে তার সাবেক স্বামীকে আটক করা হয়েছে। 

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) একই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে ও দুই সন্তানের জননী ছিলেন। অন্যদিকে, আটক মাহবুবুর রহমান (৫০) রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শ্যামলীর। এরপর শনিবার রাত ১০টার দিকে সন্তানদের দেখার কথা বলে সাবেক স্ত্রীর বাড়িতে যান মাহবুবুর রহমান। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।

এ সময় শ্যামলীর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে মাহবুবুর রহমান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন
Web-Image6

‘জিনের নির্দেশে’ কবর থেকে মায়ের লাশ তুলে তুলকালাম কাণ্ড সন্তানদের

পরে তাকে পুনরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে আটক করে। ঘটনাস্থল থেকে পেট্রোলের আলামত এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

নিহত শ্যামলীর নানি মোমিনা বলেন, প্রথমে ছুরি দিয়ে আমার নাত‌নি‌কে মারার চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হয়ে পরে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান গণমাধ্যমকে বলেন, হামলাকারীকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম