সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৫:০৫ এএম
বগুড়ার গাবতলী উপজেলায় ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (২ আগস্ট) রাতে উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সিরাজুলের পারিবারিক কবরস্থানের ভেতর একটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করে তা জব্দ করা হয়। এ সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় সিরাজুলকে।
জিজ্ঞাসাবাদে সিরাজুল দাবি করেন, স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে প্রায় দুই বছর আগে চারা সংগ্রহ করে গোপনে কবরস্থানে রোপণ করে পরিচর্যা করে আসছিলেন তিনি।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল আকৃতির গাঁজার গাছসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ মাদক কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, রোববার রাতেই উদ্ধার করা গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামত ও আলামতের জব্দতালিকাসহ আসামিকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী থানায় একটি মামলা করা হয়েছে।
আরটিভি/এমএইচজে