সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৪:৩৫ পিএম
জামালপুরের মেলান্দহ উপজেলায় জীবিত হওয়ার দাবিতে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা (৬৫) নামে এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন তার স্বজনরা। পরে মরদেহ হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. বাহাদুর মিয়া। শনিবার (১ আগস্ট) রাত দেড়টার দিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে পুনরায় তাকে দাফন করা হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে নয়াপাড়া এলাকায় কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই নারীর মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনের আছর হয়েছে। তাদের মাধ্যমে জিনের নির্দেশ এসেছে, ওই নারী জীবিত আছেন এবং তাকে কবর থেকে উত্তোলন করতে হবে। এ দাবির পর শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে প্রথমে মেলান্দহে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে নেওয়ার পর ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত বলে নিশ্চিত করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি পুনরায় বাড়িতে নিয়ে যান।
এই ঘটনার বিষয়ে জানতে চাইলেও কথা বলেননি পরিবারের সদস্য ও চিকিৎসকরা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের কেউ জানায়নি। আমরাও আপনাদের মতোই শুনেছি, জিনে আছর করার কথা বলে কবর থেকে লাশ তোলা হয়েছে। যদি বিষয়টি আমাদের জানানো হতো, তাহলে আমরা দেখতাম। কিন্তু এ বিষয়ে থানায় কেউ কোনো তথ্য দেয়নি।
আরটিভি/এমএইচজে