সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৫:১৩ পিএম
পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুরে মদ্যপান অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে মারামারিতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রুপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫ তলায় এ ঘটনা ঘটে।
নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সকালে মদ্যপানের পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ই একে অপরকে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএইচজে