images

দেশজুড়ে

ভালুকায় কয়েকশত কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৪:৫৪ পিএম

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় বন বিভাগ। অভিযানে স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা কয়েকশত কোটি টাকা মূল্যের প্রায় ২২ একর সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। দখলমুক্ত করার পর পরিবেশের ভারসাম্য রক্ষায় ওই জমিতে ইতোমধ্যেই শুরু হয়েছে দীর্ঘমেয়াদি ও মূল্যবান প্রজাতির বনায়ন কর্মসূচি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিট অধীনস্থ এলাকায় সপ্তাহব্যাপী এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হবিরবাড়ী হবিরবাড়ী বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ শাহিলের নেতৃত্বে অভিযানে উদ্ধারকৃত বনভূমিতে সরকারি কর্মসূচির আওতায় বনায়ন করা হয়।

উদ্ধারকৃত বনভূমির মধ্যে, হবিরবাড়ী মৌজার সিএস ১৮৫ নম্বর দাগে অবৈধ দখল থেকে ৪ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪ একর বনভূমিতে ইতোমধ্যেই শাল, গর্জন, চাপালিশসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি মহামূল্যবান দেশীয় প্রজাতির চারার সমন্বয়ে বনায়ন সম্পন্ন করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন
Web-Image---Copy

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

এছাড়া চলমান অভিযানে হবিরবাড়ী মৌজার সিএস ৭১৭ নম্বর দাগে স্থানীয় প্রভাবশালী কর্তৃক দীর্ঘদিনের জবরদখল উচ্ছেদ করে আরও ১৫ একর বনভূমি পুনরুদ্ধার করে বাগান সাজানো হয়েছে। পাশাপাশি একই মৌজার সিএস ১৫৪ নম্বর দাগে জবরদখলকৃত আরও ৩ একর বনভূমি উদ্ধার করে নতুন চারা রোপণ করা হয়েছে। উদ্ধার হওয়া বনভূমি অন্তত কয়েকশত কোটি টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রভাবশালী চক্র এবং আওয়ামীপন্থি বড় শিল্প গ্রুপের হাত থেকে কোটি কোটি টাকার এসব সরকারি বনভূমি উদ্ধারের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল।

হবিরবাড়ী বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ শাহিল বলেন, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এই সরকারি বনভূমি অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। আমরা সুনির্দিষ্ট দাগগুলোতে অভিযান চালিয়ে এই বিশাল বনভূমি উদ্ধার করে সরকারি কর্মসূচির আওতায় বনায়ন করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশের সুরক্ষায় দখলদারদের বিরুদ্ধে এই কঠোর উচ্ছেদ ও পুনরুদ্ধার অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো প্রভাবশালী বা যত শক্তিশালী চক্রই হোক বনভূমি জবরদখল করলে কোনো ছাড় দেওয়া হবে না।

আরটিভি/এমএইচজে