images

দেশজুড়ে

মঠবাড়িয়ায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৫:১০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভয়ভীতি ও হুমকি দিয়ে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুমি বেগম নামে এক নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তুষখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা সুমি বেগমের ভাইদের জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার ভাই মোহাম্মদ মিজান যুক্তরাষ্ট্র প্রবাসী।

লিখিত অভিযোগে মো. হেদায়েতুল্লাহ, মোহাম্মদুল্লাহ, মো. তালহা, মোছা. হাফিজা বেগম, মোছা. হাদিয়া, হামিদা বেগমসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগে সুমি বেগম দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি তার ভাইদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরও বিবাদীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগকারীর দাবি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ভালুকায় কয়েকশত কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

এ ঘটনায় সুমি বেগম মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাওলানা হেদায়েতুল্লাহ। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জমির মালিক আমি। বরং তারা বিভিন্ন সময় জমি দখলের চেষ্টা করেছে এবং আমাকে হয়রানি করেছে। জমির মালিকানার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কাগজপত্র দেখলেই প্রকৃত মালিকানা সম্পর্কে জানা যাবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করে জানান, অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা ও জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এমএইচজে