images

দেশজুড়ে

চট্টগ্রামে ‘গাছখেকো’ সালাউদ্দিন গ্রেপ্তার

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৭:৩৩ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় হামলা, ভাঙচুর ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে কেইপিজেড এলাকা থেকে মো. সালাউদ্দিন ওরফে ‘গাছখেকো’ সালাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের রাজ্জাকপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. ইব্রাহিমের ছেলে।

পুলিশ জানায়, ৪ মে কেইপিজেডের প্রধান ফটক এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, হামলা, ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার দ্বিতীয় আসামি সালাউদ্দিন। মামলার এজাহারে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে হামলার অভিযোগও উল্লেখ রয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, ইট ও ভাঙা কাচ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের একটি, চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একটি এবং হত্যা চেষ্টা, সংঘবদ্ধ হামলা, অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন
8

স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, পরে মিলল লাইটার

তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার সালাউদ্দিনকে আদালতে পাঠানো হবে।

আরটিভি/এসএস