মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৯:৩৭ পিএম
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অবৈধভাবে নৌযান নিয়ে প্রবেশ করার দায়ে পর্যটকবাহী ৬টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ করায় এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএ ভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার বিকেলে বেশ কয়েকটি হাউসবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের উদ্যোগে হাওরে বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি হাউসবোটকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, ৬টি হাউসবোট জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের সচেতন করা হয়েছে।
আরটিভি/এমএইচজে