images

দেশজুড়ে

ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৯:৪৮ পিএম

পটুয়াখালীর মহিপুরে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় হওয়া হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানীর ছেলে মো. আল রুমান ওরফে সাব্বিরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর জলকপাট (স্লুইসগেট) এলাকার একটি মুদি দোকানের সামনে ব্যবসায়ী মো. ইদ্রিসের (৩৬) ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

স্বাধীনতাবিরোধীরা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: এ্যানি

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানীর প্রত্যক্ষ হুকুম ও অংশগ্রহণে তার ছেলে সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল, হাতুড়ি, ধারাল দা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ইদ্রিসের বাম হাত, মাথা, গোড়ালি ও পাঁজরে গুরুতর হাড়ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।

সুস্থ হয়ে ৪ আগস্ট ভুক্তভোগী ইদ্রিস বাদী হয়ে সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে মহিপুর থানায় মামলা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মামলার ১ নম্বর আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে