মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ১১:০৮ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকায় ‘মিল্ক মিঠা’ নামে একটি নকল আইসক্রিম প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছে। এছাড়া ক্ষতিকর রং ও ফ্লেভার ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি, খাদ্য উপাদান উল্লেখ না করে লেবেল ব্যবহারসহ নানা অনিয়ম করা হচ্ছিল।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা আইসক্রিমের মোড়ক, কোণ, কাপসহ অন্যান্য উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোসা. রৌশনারা বেগম এবং জেলা ব্যাটেলিয়ান আনসার সদস্যরা।
আরটিভি/এমএইচজে