images

দেশজুড়ে

তিন যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল একজনের

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:১৩ এএম

নাটোরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ত্রিমুখী সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

বুধবার (৫ আগস্ট) ভোরে লালপুর উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারুল ইসলাম (৩০) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের বাবু (৪০) ও সাজদার (৫০)। তারা সবাই কৃষিশ্রমিক হিসেবে ধান রোপণের কাজ করতেন।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি ভ্যানে করে ইয়ারুল ইসলামসহ কয়েকজন শ্রমিক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামে ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর এলাকায় ঈশ্বরদীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়ারুল ইসলামের মৃত্যু হয়। 

আরও পড়ুন
Web-Image12

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম আটক

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত বাবু হোসেন ও সাজদার রহমানকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম