বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:৫৯ পিএম
মাদারীপুরে একটি ফার্নিচার দোকানে রাখা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে ওই এলাকার রবিউল মাতুব্বরের ফার্নিচার দোকানে কাজে আসেন শ্রমিকরা। এ সময় দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত শিশু শ্রমিক নিরব ও দোকানের মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নিরবকে মৃত ঘোষণা করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত দোকান মালিক রবিউলের চিকিৎসা চলছে।
আরটিভি/এমএইচজে