বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৩:৫৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ১৬০ পিস ইয়াবাসহ প্রায় ৭৯ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৮টার দিকে আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় সীমান্ত পিলার ২০১৬/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় মাথায় ঘাসভর্তি ঝুড়ি নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তিনি ঝুড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঝুড়ির ভেতর ঘাসের নিচে গামছায় স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে এবং ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া একই দিনে মুকুন্দপুর বিওপির টহল দল ১০ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১৩১টি ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত পৃথক অভিযানে ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা মূল্যের ৭২০ পিস কাবেরী মেহেদী, ৬৯টি উন্নতমানের শাড়ি, ৬০ কেজি বাসমতি চাল এবং ১০০ পিস মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
আটক করা চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আগের মতোই অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে