বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৫:২০ পিএম
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধসে এক পর্যটকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ধসের মাটি সড়কে চলাচল করা একটি অটোরিকশার ওপর পড়েছিল। এতে ওই অটোরিকশায় থাকা ছয়জন আহত হন। তাদের একজন কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। পাহাড়ধসের কারণে প্রায় আড়াই ঘণ্টা মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে পর্যটকসহ তিনজন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮৪ কিলোমিটার। সড়কের পূর্ব পাশে পাহাড় এবং পশ্চিম পাশে বঙ্গোপসাগর। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি হচ্ছে।
আরটিভি/এমএইচজে