বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৫:২৭ পিএম
নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শেখ মোহাম্মদ ইলিয়াস নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (৫ আগস্ট) সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি ইটাখোলা থেকে যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় কুমড়াদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাইভেটকার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে