বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৫:৩৬ পিএম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কে দাঁড়িয়ে পুলিশের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় তার ওপর ধানের কুড়াবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে এক হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. পারভেজ আহমেদ (৩৪) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী।

পুলিশ জানায়, এটিএসআই জাকির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল নিয়মিত টহলে ছিল। এ সময় পুলিশের গাড়ির চাকায় হাওয়া কমে গেলে দ্বাড়িয়াকান্দি এলাকার একটি টায়ার মেরামতের দোকানে গাড়িটি থামানো হয়। চাকায় হাওয়া দেওয়ার সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী ধানের কুড়াবোঝাই একটি ট্রাক একটি সিএনজিচালিত রিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুলিশের গাড়ির ওপর পড়ে।
এ সময় গাড়িতে থাকা অন্য সদস্যরা বের হতে পারলেও কনস্টেবল পারভেজ আহমেদ ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের গাড়ির চালক সাইফুল ইসলাম বলেন, গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য তারা সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। তখন হঠাৎ ট্রাকটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, পারভেজ আহমেদ প্রায় সাড়ে ১৫ বছর আগে বাহিনীতে যোগ দেন।
আরটিভি/এসএস