বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১০:৪৮ এএম
চাঁদপুরে কথিত মাদকবিরোধী অভিযানে শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাস ফেরত ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটওয়ারী ঐ গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান চালাচ্ছিলেন। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী কারণ জানতে চেয়ে ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকবিরোধী অভিযানে থাকা যুবকেরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সন্ধ্যায় মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তার পাঠানো লোকজনের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্বপন মাহমুদ বলেন, আমি ঐ সময় এলাকায় ছিলাম না, একটি কর্মসূচিতে ছিলাম। তবে ঘটনাটি শুনেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন,
মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে