বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১১:০৩ এএম
নড়াইলের কালিয়ায় অভিনব ও ছদ্মবেশী অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান সফল করতে পুলিশ সদস্যরা দিনভর কৃষক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও মুদি দোকানদারের ছদ্মবেশ ধারণ করেন।
বুধবার (৫ জুলাই) রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে জোকারচর গ্রামে অবস্থান নেয়। পরবর্তীতে সেখান থেকে অভিযান চালিয়ে আরোজ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় ৫টি, নড়াইল সদর থানায় ২টি, খুলনার দিঘলিয়া থানায় ১টি এবং গোপালগঞ্জ সদর থানায় ১টিসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অপরাধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর কঠোর নজরদারি রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ওসি মো. ইদ্রিস আলী বলেন, আরোজ আলী দীর্ঘদিন ধরে এলাকা ও আশেপাশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও কৌশলী ছদ্মবেশ ধারণ করে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে