বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৩:৫৯ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেহরাবের চেষ্টা এবং আশরাফুলের মিস’ সংলাপসংবলিত ভাইরাল ফুটবল ভিডিওর সেই আশরাফুল ইসলামকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তিনি।
আশরাফুল ইসলাম জানিয়েছেন, তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে। ভিডিওতে থাকা মেহরাবসহ অন্য খেলোয়াড়দের বাড়িও একই এলাকায়। বর্তমানে ২৬ বছর বয়সী আশরাফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে কর্মরত।
জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটির ধারাভাষ্য দিয়েছেন হৃদয় সুলতান সম্রাট নামের এক যুবক, যিনি বর্তমানে জেলা জজ আদালতে কর্মরত। গত ৩ জুলাই তিনি নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। এরপর থেকেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভিডিওটি ২ কোটি ৫০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
ভিডিওটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বিভিন্ন টেলিভিশনের ফুটবলবিষয়ক আলোচনা ও বিশ্লেষণ অনুষ্ঠানেও রসিকতার ছলে ‘আশরাফুল-মেহরাব’ জুটির প্রসঙ্গ উঠে এসেছে।
ভাইরাল হওয়ার অভিজ্ঞতা নিয়ে আশরাফুল বলেন, এই পরিচিতির কারণে তার জীবনে কিছু পরিবর্তন এসেছে। রাস্তাঘাটে কিংবা পরিচিতদের মধ্যে অনেকেই তাকে দেখে হাসাহাসি করেন, যা কখনও কখনও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে তিনি বিষয়টির ইতিবাচক দিকটিই বেশি গুরুত্ব দেন।
আশরাফুলের ভাষ্য, তার অনিচ্ছাকৃত একটি মুহূর্ত যদি লাখো মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটিই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
এদিকে ভিডিওটির ধারাভাষ্যকার হৃদয় সুলতান সম্রাট পরে আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছেন। সম্রাটের ফেসবুক পেজে ভাইরাল হওয়া মূল ভিডিওটি এখনো পিন পোস্ট হিসেবে সংরক্ষিত রয়েছে।
আরটিভি/এসকে