বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৫:০১ পিএম
দিনাজপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মহসিন ওরফে মাছলাঙ্গাকে (৪০) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহসিন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ আগস্ট দুপুর ১২টায় মহসিনের একই এলাকার চার বছরের একটি শিশু নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় মহসিন শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেন। পরে শিল্পি বেগম নামে এক নারীর ঘরের ভেতর নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
শিশুটি চিৎকার শুরু করলে আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খোঁজাখুঁজি ও ডাকাডাকি করতে থাকেন। মায়ের ডাক শুনে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ওই ঘর থেকে দৌড়ে গিয়ে পুরো ঘটনা জানায়। পরে তাকে চিকিৎসার জন্য চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এই ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি মহসিন পলাতক ছিলেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে র্যাব-১৩ (দিনাজপুর ক্যাম্প) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ ক্যাম্প) যৌথ অভিযান চালায়। বুধবার রাত ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকা থেকে মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এসএস