images

দেশজুড়ে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৯:০৬ পিএম

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভাস্কর্যটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাস্কর্যের স্থানে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজীম তিতিলসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের একজন বীরশ্রেষ্ঠের স্মৃতিকে ধারণ করে নির্মিত ভাস্কর্য ভাঙচুর একটি নিন্দনীয় ঘটনা। তারা দ্রুত ভাস্কর্যটি পুনর্নির্মাণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন
DAVID-EMON

রিমান্ডে যে তথ্য দিলেন ডেভিড ইমন ও ধামা ইলিয়াস

উল্লেখ্য, গত ১৫ জুলাই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য কিছু শ্রমিক ভেঙে ফেলেন। সে সময় স্থানীয় প্রশাসন বিষয়টি জানে না বলে গণমাধ্যমে বক্তব্য দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, ভাস্কর্যটি অপসারণ করে অন্যত্র স্থানান্তরের জন্য সরিয়ে নেওয়া হচ্ছিল।

আরটিভি/টিআর