বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৯:৪২ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তাকিম হোসেন নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা মুসলিমা খাতুন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাস তাঁর স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম ও পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থিত এক আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন।
তারা মুকুন্দমধুসূদনপুর চৌমুহনী-সরদারপাড়া সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বাঁশতলা বাজার অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোস্তাকিম হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার মা মুসলিমা খাতুনের হাত ভেঙে যাওয়াসহ তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা চালককে মারধর করে এবং ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালক আলামিন হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/টিআর