বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১১:২৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইলের বিভিন্ন পর্যায়ের ছয়জন শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৭ জানুয়ারি তাদের দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আশা প্রকাশ করা হয়, তারা ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
দীর্ঘদিন পর নড়াইলের জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা বলেন, জনপ্রিয় এসব নেতার প্রত্যাবর্তনে নড়াইল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তারা নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবেন।
আরটিভি/টিআর