images

দেশজুড়ে

মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল ১৭ মাসের শিশুর

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৯:২৫ এএম

শেরপুরের নকলা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম (১৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম ধনাকুশা এলাকার মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধনাকুশা বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ইসলাম ছিটকে সড়কে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
kill

পূর্বশত্রুতা জেরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

দুর্ঘটনায় সিএনজিতে থাকা নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং ফুরকান হামিদ (৩০) আহত হয়েছেন। তারা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ধনাকুশা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

আরটিভি/জেএমএ