images

দেশজুড়ে

সকালে ৭ শ্রমিক, বিকেলে সেই সড়কে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ১০:১১ পিএম

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় তাদের শিশু নাতি আহত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান।

স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবির মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহত দুজনের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
18

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি: বিমান প্রতিমন্ত্রী

দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে ওই আঞ্চলিক মহাসড়কেই নিয়ন্ত্রণ হারানো শাহ ফতেহ আলী পরিবহনের বাসের নিচে চাপা পড়ে ৭ শ্রমিকের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।

আরটিভি/টিআর