সোমবার, ২৭ মার্চ ২০১৭ , ০৬:৫২ পিএম
সিলেটের ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে চলা আভিযান যেকোনো সময় শেষ হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান বলেন, এ জঙ্গিবিরোধী অভিযান যেকোনো সময়ে শেষ হবে। সেখানে বড় কোনো জঙ্গি থাকতে পারে। তাদের শিকড় উপড়ে ফেলার চেষ্টা চলছে।
তিনি জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনা দিয়েছেন। জনপ্রতিনিধিদের নিজ এলাকায় গিয়ে জঙ্গিবিরোধী কাজে আরো তৎপর হবার কথা বলেছেন। এছাড়া গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি।
আতিয়া মহলে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার ‘মূল হোতা’ মেজর জিয়া থাকতে পারে কি না? এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই এলাকাকে অভিযানের জন্য নির্দিষ্ট করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। পরে পুলিশ ও অন্য বাহিনী বাদ দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়।এ পর্যন্ত দু’জন জঙ্গি নিহত হয়েছে। সেখানে আরো জঙ্গি থাকতে পারে।তবে তাদের মধ্যে মেজর জিয়া আছে কি না-তা নিয়ে কিছু বলেননি তিনি।
বাংলাদেশ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে তিনি বলেন, যারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত তারা মূলত ইসলামকে কলুষিত করছে। আমজনতা জঙ্গিদের আশ্রয় দেয় না।এমনকি জঙ্গিদের বাবা-মাও তাদের স্বীকৃতি দিচ্ছে না।
ডিএইচ