images

অপরাধ

৩০ জুলাই এএসপি মিজানুর হত্যা মামলার প্রতিবেদন দাখিল আদালতে

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ০৬:১২ পিএম

পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মিজানুর রহমান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ জুলাই দিন ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক মামলার এজহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ঠিক করেন।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রুপনগর থানাধীন বিরুলিয়া ব্রিজের পাশ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করার সময় নিহতের গলায় গার্মেন্টের ঝুট কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এর আগে বুধবার রাতে তার ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে মামলা করেন। বাংলাদেশ পিনাল কোড ৩০২, ২০১ ও ৩৪’র ধারায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ হত্যা মামলা করা হয়। মামলাটি দ্রুত তদন্ত নিষ্পত্তির জন্য থানার ইন্সপেক্টর আখতারুজ্জামান ইলিয়াসকে নির্দেশনা দেয়া হয়েছে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম বিষয়টি নিশ্চিত করেন। মামলা নম্বর ১৯।

এদিকে গেলো বৃহস্পতিবার সকাল ৮টা দশ মিনিটে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়। পুলিশের এই কর্মকর্তার ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস। আমরা মরদেহের ভিসেরা সংরক্ষণ করেছি। নিহতের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

গেলো বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রূপনগর থানার বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে রূপনগর থানা পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, নিহত এএসপি মিজানুর রহমানের কপাল ছোলা ছিল, মুখের ডান পাশে জখম, থুতনিতে আঘাত আর গলায় কালো দাগ পাওয়া গেছে। তাকে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর/সি