images

অপরাধ / রাজধানী

ডেইলি স্টারে হামলা, লুট হওয়া কম্পিউটারসহ যুবক গ্রেপ্তার

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩২ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে ডেইলি স্টার ভবনে বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও দুর্ধর্ষ লুটের ঘটনায় জড়িত আজমির হোসেন আকাশ (২৭) নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার আজমির হোসেন আকাশ তেজতুরীবাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, হার্ডডিস্ক ও মাউস উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) মিজানুর রহমান জানান, গত ১৯ ডিসেম্বর রাতে প্রায় ৪০০ জন সশস্ত্র দুষ্কৃতকারী স্লোগান দিতে দিতে ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা গেট ও কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে তছনছ শুরু করে। হামলাকারীরা কেবল ভাঙচুর ও অগ্নিসংযোগই করেনি, বরং কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা চালিয়ে পুরো এলাকায় দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি করে।

আরও পড়ুন
star

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

মামলার বিবরণ অনুযায়ী, সেই রাতের তাণ্ডবে ভবনের বিভিন্ন তলায় থাকা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, উচ্চপ্রযুক্তির ক্যামেরা, সার্ভার ও স্টুডিও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হয়। এতে আনুমানিক পাঁচ কোটি টাকার ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাঙ্গাকারীরা ভবনের বিভিন্ন লকার ভেঙে রক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছিল।

র‍্যাব জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এই নক্কারজনক হামলার পেছনে থাকা বাকি মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরটিভি/এআর