images

অপরাধ / দেশজুড়ে

দীপু হত্যা মামলার মূল উসকানিদাতা গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০২:১১ পিএম

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের মূল হোতা মো. ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৭ জানুয়ারি) বিকেলে ডিএমপির সহায়তায় ঢাকার ডেমরা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২১ জনকে গ্রেপ্তার করা হলো, যাদের মধ্যে ৯ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

ইয়াছিন ভালুকার স্থানীয় বাসিন্দা এবং একটি মসজিদে ইমামতির পাশাপাশি মাদরাসায় শিক্ষকতা করতেন।

আরও পড়ুন
15

দিপু দাস হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার

তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে শ্রমিকদের উসকানি দিয়ে জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াছিনের। তিনি দীপুকে নির্মমভাবে মারধরের পর নিথর দেহটি রশি দিয়ে টেনে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যান এবং মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেন। 

এর আগে গত ১৮ ডিসেম্বর নারকীয় এই হত্যাকাণ্ডের পর থেকেই কৌশলে আত্মগোপনে চলে যান ইয়াছিন। ১২ দিন ধরে তিনি দেশের বিভিন্ন মাদরাসায় নিজের পরিচয় গোপন করে আশ্রয় নেন। সর্বশেষ ঢাকার ডেমরার সুফফা মাদরাসা নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন তিনি। তবে গোয়েন্দা পুলিশের নিখুঁত নজরদারিতে শেষ রক্ষা হয়নি তার। 

বর্তমানে গ্রেপ্তারকৃত এই আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, এই হত্যাকাণ্ডের নিষ্ঠুরতা ও বর্বরোচিত দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এআর