বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৪:৪১ পিএম
কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে পাচারের অভিযোগে মানবপাচার চক্রের মূলহোতা মো. রুবেলকে (২৯) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ভুক্তভোগী ওই নারীর অর্থ ও পাসপোর্ট আত্মসাৎ এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু তালেব জানান, সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) গত ২১ জুলাই ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে। রুবেল রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আর্থিক সংকটে থাকা এক নারীর সঙ্গে একটি স্থানীয় এনজিওতে কর্মরত অবস্থায় রুবেলের পরিচয় হয়। পরে কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে বিদেশে পাঠানোর আশ্বাস দেন। এর জন্য প্রথমে এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিতে উৎসাহিত করেন এবং সেই টাকা ও ভুক্তভোগীর পাসপোর্ট নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও অর্থ আদায় করে মোট চার লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
মামলার এজাহারে আরও জানা যায়, ২০২৫ সালের আগস্টে ওই নারীকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরই চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও সঙ্গে থাকা সব অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয়।
অভিযোগে বলা হয়, সেখানে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হতো এবং উপার্জিত অর্থ আত্মসাৎ করা হতো। এমনকি তাকে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে যুক্ত করার জন্য চাপ দেওয়া হতো। এতে রাজি না হওয়ায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তীকালে স্থানীয়ভাবে সহযোগিতার মাধ্যমে গত ১ জুলাই ওই নারী দেশে ফেরেন। দেশে ফিরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, ভুক্তভোগীর তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে রুবেলকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এই চক্রের অন্য অভিযুক্ত, তাদের মানবপাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং বিদেশে অবস্থানরত সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
বিদেশে চাকরির ক্ষেত্রে উচ্চ বেতনের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সরকার অনুমোদিত বৈধ উপায়ে বিদেশে যাওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি। সেই সঙ্গে মানবপাচার কিংবা বিদেশে পাঠানোর নামে কোনো প্রতারণার তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা সিআইডিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আরটিভি/এআর