শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৯:৩৮ এএম
আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে সোনার দামে সামান্য মন্দা দেখা গেছে। যদিও শুক্রবার (১৪ নভেম্বর) স্পট মার্কেটে দাম কিছুটা কমেছে, পুরো সপ্তাহজুড়ে ধাতুটির মূল্য এখনো উল্লেখযোগ্য উত্থান প্রবণতা ধরে রেখেছে। দুর্বল ডলার ও যুক্তরাষ্ট্রের সুদহার কমানোর সম্ভাবনা ঘিরে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছেন—এমনটাই জানিয়েছে রয়টার্স।
লন্ডনের বাজারে শুক্রবার সকাল ৬টা ৩৮ মিনিটে স্পট সোনার দাম দাঁড়ায় প্রতি আউন্স ৪,১৮৩.৩১ ডলার, যা আগের দিনের তুলনায় কিছুটা নিম্নমুখী। তবে সাপ্তাহিক হিসাবে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৪.৬%।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের জন্য ফিউচার গোল্ডের মূল্য কমেছে ০.২%, নতুন দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,১৮৫.৯০ ডলার।
ডলার সূচক টানা দ্বিতীয় সপ্তাহ ধরে দুর্বল অবস্থায় থাকায় অন্যান্য মুদ্রাব্যবহারকারীদের জন্য সোনা কেনার আগ্রহ আরও বেড়েছে।
গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ডলারের দুর্বলতা ও জল্পনামূলক বিনিয়োগ প্রবাহের কারণেই এই সপ্তাহে সোনার বাজার তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। তার মতে, বাজারে অনেকে ধারণা করছেন—ফেডারেল রিজার্ভ খুব শিগগিরই সুদহার কমানোর দিকেই অগ্রসর হতে পারে।
দেশের বাজারে নতুন দাম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দেশীয় বাজারে সোনা ভরিতে বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভরিপ্রতি সোনার দাম বেড়েছিল ৫,২৪৮ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে বিভিন্ন ক্যারেটের সোনার মূল্য দাঁড়িয়েছে—
২২ ক্যারেট প্রতি ভরি: ২,১৩,৭১৯ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি: ২,০৪,০০৩ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৭৪,৮৫৫ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১,৪৫,৫২০ টাকা
সোনার আন্তর্জাতিক অস্থিরতা ও স্থানীয় বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতেও দামে ওঠানামা থাকতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আরটিভি/এএ