images

অর্থনীতি

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৪ পিএম

বাংলাদেশ ব্যাংক নতুন নকশা ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ৫০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে। ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নোট  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিকভাবে নতুন নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে।

নতুন নোটের আকার ও নকশা, ১৫২ মিমি লম্বা ও ৬৫ মিমি চওড়ার এই নোটে অধিকাংশ অংশে সবুজ রঙের আধিক্য রয়েছে।
সম্মুখভাগে:
.বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি
.মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলার ব্যাকগ্রাউন্ড
.ডানদিকে রঙ পরিবর্তনশীল ‘৫০০’

পেছনভাগে:
.বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি
.জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নোটে কয়েকটি নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

image

এর মধ্যে উল্লেখযোগ্য— 
.রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি: নোট নাড়াচাড়া করলে ‘৫০০’ সবুজ থেকে নীল হয়
.লাল ও স্বর্ণালী বারের সমন্বিত নিরাপত্তা সুতা: আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়
.দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে অনুভূত ৫টি ছোট বৃত্ত
.ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত অংশসমূহ উঁচু অনুভূত হবে
.মাইক্রোপ্রিন্টে বারবার ‘BANGLADESH BANK’ লেখা
.শাপলার অংশে UV fluorescence (Magenta) ইঙ্ক
.See-through image এ ‘৫০০’ দৃশ্যমান
.নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের অসংখ্য ফাইবার
.উভয় পৃষ্ঠে UV curing varnish, যা নোটকে চকচকে করবে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের সঙ্গে সঙ্গে বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ ৫০০ টাকার নোট বাজারে আসায় জাল নোট প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ যোগ হলো।

আরটিভি/এসকে