images

অর্থনীতি

১০ দিনে প্রবাসী আয় ১২৯ কোটি ডলার

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫৯ পিএম

চলতি মাসের (ডিসেম্বর) প্রথম ১০ দিনে প্রবাসীরা ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া গত ১০ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। 

আরও পড়ুন
Web_Image

আরও ১৪৯ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৪৩২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ।

এর আগে, গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আরটিভি/আরএ