বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ১১:০২ এএম
সদ্য বিদায়ী বছরের ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে ডিসেম্বর মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার, ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার, ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার, ১৮ কোটি ৪ হাজার, ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার, ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার ও ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
এদিকে, গত ডিসেম্বর মাসে দেশে আসা ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত মার্চে। সেই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
আরটিভি/আইএম