শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৬:৩১ পিএম
বিশ্ববাজারে টানা কয়েক দিনের রেকর্ড গড়ার পর শুক্রবার সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। তবে সোনার দাম সামান্য কমলেও রূপা ও প্লাটিনামের দাম এখনো ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিনের শুরুতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছালেও পরবর্তীতে বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা তুলে নেওয়ায় বাজারদরে এই সংশোধন দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্পট সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৯৩০ ডলারে লেনদেন হচ্ছে যা গত কয়েক মাসের তুলনায় অত্যন্ত চড়া।
বাজার বিশ্লেষক লুকম্যান ওতুনুগা জানিয়েছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ডলারের মান হ্রাসের কারণে সোনার বাজারে দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বগতি বজায় ছিল। তবে শুক্রবার মুনাফা সংগ্রহের হিড়িক পড়ায় সোনার দাম ০ দশমিক ১ শতাংশ কমেছে। এর বিপরীতে রূপা ও প্লাটিনামের বাজার এখনো তেজি অবস্থায় রয়েছে এবং ধাতব দুটি তাদের সর্বকালের সেরা দাম ধরে রেখেছে। বিনিয়োগকারীরা এখন সোনার পাশাপাশি রূপা ও প্লাটিনামকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নেওয়ায় এই দুই ধাতুর দাম আকাশচুম্বী হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দামে এই সামান্য পতন দেখা দিলেও বাংলাদেশের স্থানীয় বাজারে চিত্রটি সম্পূর্ণ উল্টো। বিশ্ববাজারের অস্থিরতার দোহাই দিয়ে দেশে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বড় অংকে বাড়ানো হয়েছে। বাংলাদেশে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হবে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা যা একটি নতুন জাতীয় রেকর্ড। বিশ্ববাজারে দামের সামান্য ওঠানামা থাকলেও স্থানীয় বাজারে সোনার এই লাগামহীন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
আরটিভি/এআর