সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০৯:১৭ এএম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা দেশের ইতিহাসে এক ভরি সোনার সর্বোচ্চ মূল্য।
বাজুস জানিয়েছে, নতুন এই দাম সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে। রোববার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত বাজুস ১৩ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ৩ বার দাম কমানো হয়েছে।
অন্যদিকে, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়। এছাড়া ২০২৫ সালে ২৯ বার সোনার দাম কমানো হয়েছিল।
ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সোনার বাজারে নতুন রেকর্ড তৈরি হলেও সাধারণ ক্রেতাদের জন্য সোনা কেনা আরও কঠিন হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে