images

অর্থনীতি

শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪২ পিএম

সারাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। 

মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ব্যবসায়ীদের তেল ক্রয়ের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় দেশে টানা চার দিনের ব্যাংক বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘ এই ছুটিতে জ্বালানি ডিলারদের আর্থিক লেনদেন যেন থমকে না যায়, সেই লক্ষ্যে জনস্বার্থে ১৪ ফেব্রুয়ারি এই বিশেষ শাখাগুলো খোলা থাকবে।

আরও পড়ুন
3

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি ঘোষণা

শনিবার যেসব ব্যাংকে লেনদেন করা যাবে
কেন্দ্রীয় ব্যাংকের তালিকা অনুযায়ী, পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কিছু শিল্প ও বন্দর সংশ্লিষ্ট শাখা এই সেবার আওতায় থাকবে:

পুবালী ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুরের প্রধান শাখা, ঝালকাঠি শাখা, বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার এবং সিলেটের বড়ই কান্দি শাখা।

উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা।

জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।

ব্যবসায়ী নেতাদের দাবি ছিল, টানা চার দিন ব্যাংক বন্ধ থাকলে বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) থেকে তেল উত্তোলন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরণের জটিলতা তৈরি হতে পারে। এই সংকটের আশঙ্কায় পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি আবেদনের মাধ্যমে এই দাবি জানিয়েছিলেন।

 শনিবার বিশেষ এই শাখাগুলো খোলা থাকায় ডিলাররা পে-অর্ডার বা প্রয়োজনীয় ব্যাংকিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা দেশের পরিবহন ও কৃষি খাতে জ্বালানি সরবরাহ সচল রাখবে।

আরটিভি/এআর